শিরোনামঃ

পাথরঘাটায় নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান


মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

 আজ বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত পাথরঘাটা পৌরসভার তালতলা বাজার গোলচত্বর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।


বরগুনা কন্টিনজেন্ট (পাথরঘাটা ডিটাচমেন্ট) বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল এই চেকপোস্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


চেকপোস্ট চলাকালীন সময়ে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশিও করা হয়।


অভিযানে মোট ১৯০টি মোটরসাইকেলের কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এছাড়া ২০টি অটোরিকশা এবং ২টি প্রাইভেট কারের কাগজপত্রও যাচাই করা হয়।


তল্লাশিতে ১৫টি মোটরসাইকেলের হেলমেট সংক্রান্ত অনিয়ম এবং একটি অটোরিকশার বৈধ কাগজপত্র না থাকায় মোট ৫২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


চেকপোস্ট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো এলাকায় শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?