- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬ ১২:৩১ পিএম
মরদেহ উদ্ধারের গুজবে পাঁচ জেলের বাড়িতে কবর খোঁড়া, এখনও নিখোঁজ তারা
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় বরগুনার পাথরঘাটার পাঁচ জেলের নিখোঁজের ঘটনায় মরদেহ উদ্ধারের গুজব ছড়িয়ে পড়ায় স্বজনদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। এমনকি দাফনের প্রস্তুতি হিসেবে কবর খোঁড়া, কাফনের কাপড় কেনা ও অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করেন স্বজনরা। তবে এখন পর্যন্ত নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধারের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তাদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।
নিখোঁজ জেলেরা হলেন, মো. বিল্লাল, মো. কাওসার, মো. নুর আলম, মো. শাকিল ও মো. ইব্রাহিম। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জন জেলে এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান।
সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে নোঙর করা অবস্থায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা একটি ট্রলারে উঠতে সক্ষম হন। নিখোঁজ হন পাঁচজন জেলে।
নিখোঁজ জেলেদের সন্ধানে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার সাগরে পাঠানো হয়। এর মধ্যেই বিভিন্ন মাধ্যমে নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। খবর শুনে স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েন এবং দাফনের প্রস্তুতি শুরু করেন।
পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামে গিয়ে দেখা যায়, নিখোঁজ নুর আলমের বাড়িতে স্বজনরা কবর খনন করছেন। কেউ বাঁশ কাটছেন, কেউ পানি গরম করছেন, আবার কেউ কাফনের কাপড়সহ দাফনের প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করছেন।
মরদেহ না আসায় সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষার পর স্বজনরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন, নুর আলমসহ নিখোঁজ পাঁচ জেলের কোনো সন্ধানই পাওয়া যায়নি।
নুর আলমের চাচা ফারুক মোল্লা বলেন, সকালে খবর পাই নুর আলমসহ অন্য জেলেদের মরদেহ পাওয়া গেছে এবং বাড়িতে নিয়ে আসা হচ্ছে। এরপর আমরা কাফনের কাপড় ও কবর খননসহ দাফনের সব প্রস্তুতি নিই। নদীর পাড়ে খাট নিয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করেছি। পরে জানতে পারি, খবরটি সত্য নয়।
নুর আলমের বাবা জাহাঙ্গীর মোল্লা বলেন, সকালে শুনলাম আমার ছেলের মরদেহ পাওয়া গেছে। সারাদিন দাফনের প্রস্তুতি নিয়েছি। এখন শুনছি খবরটি গুজব। আমার ছেলে জীবিত না মৃত কিছুই জানি না। অন্তত আমার ছেলের মরদেহ উদ্ধার করে দেওয়ার দাবি জানাই।
ট্রলারডুবির পর জীবিত ফিরে আসা জেলে জামাল বলেন, আমি বেঁচে ফিরেছি। কিন্তু নিখোঁজ জেলেরা কোথায় আছে, তা জানি না। তারা ট্রলারের ভেতরে আটকে আছেন নাকি সাগরে ভেসে গেছেন, সেটাও জানি না। মানুষের কাছে তাদের মরদেহ উদ্ধারের কথা শুনেছি।
নিখোঁজ কাওসারের স্ত্রী তামান্না বলেন, এখন পর্যন্ত স্বামীর বিষয়ে কোনো সঠিক খবর পাইনি। অনেকের কাছে মরদেহ উদ্ধারের কথা শুনেছি। সে কারণেই কবর খোঁড়া হয়েছিল। কিন্তু এখন কিছুই বুঝতে পারছি না।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ পাঁচ জেলেই এখনো নিখোঁজ রয়েছেন। বিভিন্ন মাধ্যমে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে পাথরঘাটা থানা এলাকায় এখনো কোনো মরদেহ পৌঁছায়নি। তাই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে। ঘাটে সংশ্লিষ্ট লোকজন অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে নিখোঁজ জেলেদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি। তিনি বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে তিনি তদারকি করছেন এবং উদ্ধার তৎপরতা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দল-মত নির্বিশেষে জেলেদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে এখনও সাগরে উদ্ধার অভিযান চলছে। তবে তাদের মরদেহ উদ্ধারের খবর এখন পর্যন্ত নিশ্চিত নয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ইউনিয়নের চর-বৃষ্টিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তহিদ ইসলাম মিম নামে এক...
-
মক্কা প্যাক্ট এখন বার্নিং ইস্যু হিসেবে সারা বিশ্বের পর্যবেক্ষণে রয়েছে। হঠাৎ তিনটি দেশ একটি সামরিক জোটে এক হলো কেন এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!