শিরোনামঃ

‘মাদক থাকবে না হয় আমি থাকব’ওসির ঘোষণার পর আগৈলঝাড়ায় ১৫ দিনের বিশেষ অভিযানে ৮৮ গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর ২০২৬






আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল) 



‘আমি থাকব,নয় মাদক থাকবে’আগৈলঝাড়া থানায় যোগদানের সময় এমন প্রত্যয় ব্যক্ত করেছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান। সেই ঘোষণার পর মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৫ দিনের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ৮৮ জনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।



পুলিশের তথ্য অনুযায়ী, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও গুরুত্ব দেওয়া হচ্ছে।



বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত ২৬ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের অভিযানে ৬০ গ্রাম গাঁজা, ১৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার দেশি মদ এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।



এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান চালানো হয়। পুলিশের ধারাবাহিক অভিযানে মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানার তথ্য থেকে জানা গেছে।



থানা পুলিশের এমন তৎপরতায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত ও দৃশ্যমান অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমাতে তা ভূমিকা রাখতে পারে।



থানায় দায়িত্ব নেওয়ার সময় ওসি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছিলেন—“মাদক থাকবে না, হয় আমি থাকব।” সেই ঘোষণার পর বিশেষ অভিযানে একের পর এক মাদক মামলায় গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা আলোচনায় এসেছে।



পুলিশ জানিয়েছে, আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?