কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে শর্টলিস্টে ৮ অধ্যাপক, সাক্ষাৎকারে ডাক পাঠাবে মন্ত্রণালয়


ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগের জন্য আটজন অধ্যাপককে প্রাথমিকভাবে বাছাই করেছে শিক্ষা মন্ত্রণালয়। খুব শিগগিরই তাঁদের সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে বলে জানা গেছে।


সোমবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র রিপোর্ট ৭১-কে জানায়, কুয়েটের ভিসি পদের জন্য ২০ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮ জন অধ্যাপক আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত জমা দেন। জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে মোট আটজনকে শর্টলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি সপ্তাহেই তাঁদের সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হতে পারে।


নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আবেদনকারীদের জীবনবৃত্তান্ত আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছি। যাঁদের একাডেমিক কৃতিত্ব বেশি, যাঁদের গবেষণা উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে—তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। শর্টলিস্টে থাকা প্রার্থীদের খুব দ্রুতই ডাকা হবে।”


সাক্ষাৎকার-পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, “সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থীদের তালিকা আরও সংক্ষিপ্ত করা হবে। শেষপর্যায়ে দুই বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথকভাবে একজন করে প্রার্থী নির্বাচন করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। তবে এখনো চূড়ান্ত কিছু নির্ধারণ হয়নি—সিদ্ধান্ত নেবে উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি।”


উল্লেখ্য, গত ১০ জুন শিক্ষা মন্ত্রণালয় কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে।


বিজ্ঞপ্তি অনুসারে, উপাচার্য পদের প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি প্রকৌশল বা প্রযুক্তি বিষয়ে হতে হবে, তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য।


প্রার্থীর অন্তত ২০ বছরের শিক্ষকতা অথবা ১৫ বছরের শিক্ষকতার সঙ্গে ৫ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, যেমন: শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ, ও একাডেমিক কাজে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক।


বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি থাকাও বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ৪৫ বছরের ওপরে হতে হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?