কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান

বরিশালে কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত আচরণ চর্চায় উৎসাহিত করতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (Menstrual Health Management-MHM) বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

এমপ্লিফাই চেইঞ্জের সহযোগিতায় রেডঅরেঞ্জের উদ্যোগে এবং অ্যাসোসিয়েশনস অব ভলান্টারী অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর বাস্তবায়নে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজন বিবেচনায় দুইটি পৃথক গ্রুপে সেশন পরিচালনা করা হয়।

সচেতনতামূলক সেশনে মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককে ঘিরে প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা, নিরাপদ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সক্রিয়ভাবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসা তুলে ধরে। প্রশিক্ষকরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং মাসিক স্বাস্থ্য বিষয়ে বৈজ্ঞানিক ও সঠিক তথ্য প্রদান করেন।

আয়োজকরা জানান, মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং কিশোরীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা মাসিককে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে শিখবে এবং স্বাস্থ্যসম্মত আচরণ চর্চায় আরও উৎসাহিত হবে।

বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?