শিরোনামঃ

জোয়ারের পানিতে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি' তালতলীতে মানুষের ভিড়


সোহাগ হাওলাদার, বরগুনা:

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। 


বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীর তীরে তিমিটিকে পড়ে থাকতে দেখেন। বিশাল আকৃতির তিমিটির খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষের ভিড় জমে যায়। 


স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতে জোয়ারের পানির স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। বুধবার সকালে নদীর তীরে বিশাল আকৃতির বস্তু পড়ে থাকতে দেখে কয়েকজন স্থানীয় কাছে গিয়ে মৃত তিমিটি দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। 


খবর পেয়ে বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেন।এ সময় কোস্টগার্ডের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 


তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে দেখতে পান। তিমিটি পচে যাওয়ায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এটি আনুমানিক ৩০ ফুট লম্বা ও প্রায় ১৫ ফুট চওড়া। তবে পচে ফুলে যাওয়ায় সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হচ্ছে না। দুর্গন্ধের কারণে শ্রমিকদেরও কাছে গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে তিমিটিকে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 


তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, পানির যেকোনো স্তরে সৃষ্ট সমস্যার কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। সাগর ও নদীর পানির পরিবেশ নিয়ে গবেষণা প্রয়োজন। স্থানীয়ভাবে কোনো গবেষণা কেন্দ্র না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা কঠিন। পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণে সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে বলেও জানান তিনি। 


এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?