শিরোনামঃ

জোট ছাড়াই জয়: একমাত্র এমপিকে মন্ত্রী করার জোর দাবি ইসলামী আন্দোলনের সমর্থকদের



সোহাগ হাওলাদার, বরগুনা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবিহীনভাবে ২৫৩টি আসনে প্রার্থী দিয়েও একমাত্র জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসন থেকে দলটির প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বিজয়ী হওয়ায় এখন তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি তুলেছেন দলীয় সমর্থকরা।


১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই নবনির্বাচিত এই সংসদ সদস্য বরগুনার সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ঘোষণা দেন। এর পর থেকেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে তার সম্ভাব্য মন্ত্রীত্বের বিষয়টি। 


শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার কেওড়াবুনিয়া পীরের দরবারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অলিউল্লাহর সমর্থকেরা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে না গিয়েই সারাদেশে এককভাবে নির্বাচন করেছে এবং উল্লেখযোগ্য ভোট পেয়েছে। তাদের দাবি, দলটি জোটে গেলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত। 


সমর্থকদের ভাষ্য, “আমাদের ভোটেই সরকার গঠনের পথ সুগম হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে আমরা দাবি জানাই, ইসলামী আন্দোলনের একমাত্র নির্বাচিত এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে যেকোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।”


ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর উপজেলা নেতা ইদ্রিসুর রহমান বলেন, “আমরা যদি অন্য কোনো দলের সঙ্গে সমঝোতায় যেতাম, তাহলে নির্বাচনের চিত্র ভিন্ন হতো। আমাদের একক অংশগ্রহণই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”


এ বিষয়ে নবনির্বাচিত এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি—সবারই আমি প্রতিনিধি। সব দলের জনগণই এখন আমার জনগণ। বরগুনার উন্নয়ন ও মানুষের কল্যাণে যা যা প্রয়োজন, তা-ই করবো।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাস্তবতা হলো—এই নির্বাচনে আমাদের অংশগ্রহণে একটি বড় রাজনৈতিক ভারসাম্য তৈরি হয়েছে। সেই মূল্যায়ন হওয়া উচিত। ভবিষ্যতে তা বরগুনা ও দেশের মানুষের জন্য ইতিবাচক হবে বলে আমি আশা করি।”



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে দেখা যায়, হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১,৪০,২৯১ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১,৩৬,১৪৫ ভোট।

অর্থাৎ, ৪,১৪৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলিউল্লাহ। 


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোট ছাড়াই এককভাবে নির্বাচন করে একটি আসনে জয় পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বরগুনাবাসীর প্রত্যাশা—এই বিজয় উন্নয়ন ও ইতিবাচক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?