শিরোনামঃ

গ্রামীণ সড়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হবে-জহির উদ্দিন স্বপন


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:


বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন-আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে গ্রামীণ সড়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হবে। বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে গেছে। তারা গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন করতে পারেনি। যে কারনে গ্রামে ঢুকলেই আমরা গ্রামীণ সড়ক অবকাঠামোর করুন চিত্র দেখতে পাই। তাই নির্বাচিত হতে পারলে অগ্রাধিকারের ভিত্তিতে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করবো। 



সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে ধানের শীষের একটি মিছিলে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।



ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সর্বত্র ধানের শীষের জোয়ার বইছে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন বলেন-এই মুহুর্তে (বিকেলে) বরিশাল-১ আসনের শতাধিক পয়েন্টে ধানের শীষের সমর্থকরা একযোগে মিছিল বের করেছে। প্রতিটি মিছিলে হাজার হাজার সমর্থক অংশগ্রহণ করে ধানের শীষের জোয়ার বইয়ে দিচ্ছে। 



তিনি আরও বলেন-বর্তমান বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে গেছে। আমরা তরুণ-যুবক শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। যারা বিদেশ যেতে চায় তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রুপান্তর করে বিদেশে পাঠাতে চাই। 



তরুণ ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন-এখনকার তরুণ ভোটারদের পরিবারের সদস্যরা পূর্বে আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলো। এই নির্বাচনে তরুণ ভোটাররা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবে।



মাদকচক্রের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি বলেন-গৌরনদী-আগৈলঝাড়ায় মাদক প্রকট আকার ধারণ করেছে। আমি নির্বাচিত হতে পারলে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে নিয়ে মাদকচক্রকে নিশ্চিহ্ন করে দেবো।



এরআগে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্যরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?