শিরোনামঃ

গৌরনদীতে সওজের   জমি দখল বন্ধের   নির্দেশ


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহনকৃত জমি দখলকারী বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা তিন দখলদারকে দখল কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ। সড়ক ও জনপদ কর্মকর্তাদের মৌখিক নির্দেশনা অমান্য করে দখলকাজ চালিয়ে যাওয়ায় বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আল আমীন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই তিন দখলবাজকে এ নির্দেশনা দেওয়া হয়। 

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চিঠির অনুলিপি সড়ক বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী মডেল থানার ওসিকে প্রেরণ করা হয়। দখলবাজরা হলো- উপজেলার দক্ষিণ রামসিদ্দি এলাকার অলি সরদারের ছেলে জামাল সরদার ও গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড সুন্দরদী মহল্লার জহুর আলী সিকদারের ছেলে নয়ন সিকদার ও মামুন সিকদার।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মহাসড়কের টরকী ব্রীজ সংলগ্ন এলাকায় সওজের অধিগ্রহনকৃত জমি অবৈধভাবে ভরাট শুরু করে ভাঙ্গারি ব্যবসায়ী নয়ন ও তার ভাই মামুন সিকদার। সওজের কর্মকর্তারা বাঁধা দিলেও জোরপূর্বক ভাবে সওজের জমি ভরাট করে আসছে ওই ব্যবসায়ীরা। তবে বাঁধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় চিঠি দিয়ে দখলকাজ বন্ধ রাখতে বলা হয়। একই ভাবে সরকারী বাঁধা উপেক্ষা করে টরকী বাজারে সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহনকৃত জমিতে দোকান নির্মান কাজ অব্যাহত রাখায় চিঠি দিয়ে দখলকাজ বন্ধ রাখতে বলা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিন মিয়া জানিয়েছেন-একাধিকবার বাঁধা দেওয়া সত্বেও অধিগ্রহনকৃত জমি দখল করে আসছে ওই তিন ব্যক্তি। এজন্য দখলকাজ বন্ধ রাখতে চিঠি দেওয়া হয়েছে। এরপরও যদি তারা দখল অব্যাহত রাখে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি এবিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকেও পত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে। 

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন- এ সংক্রান্ত চিঠি এখন পর্যন্ত হাতে পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?