সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
‘সবুজে সাজাই বাংলাদেশ, স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অমল কৃষ্ণ রায়। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লব।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা, নারী নেত্রী পুষ্পরানি চক্রবর্তী, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ইনচার্জ মাসুম আল শাকিল, ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক অ্যাঞ্জেলা বাড়ৈ এবং সেলস বরিশালের নির্বাহী প্রধান জন তিলক।
অনুষ্ঠানে ওয়াইডব্লিউসিএ স্কুলের শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে গাছের চারা রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন বক্তারা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়াও জরুরি।
তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় গাছ লাগানোর আহ্বান জানান এবং বৃক্ষের নানা উপকারিতা তুলে ধরেন। বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার অন্যতম শক্তি। তাই তাদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।