- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ০৭:০৪ পিএম
গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গল থেকে মোটরসাইকেল উদ্ধার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে ৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে আশোকাঠী ফিলিং স্টেশনের সুপারভাইজার মো. মহিউদ্দিন তালুকদার (২৮) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। তবে স্থানীয় একটি জঙ্গলের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও সহকর্মীরা।
নিখোঁজ মহিউদ্দিন গৌরনদী উপজেলার গোবর্ধন গ্রামের মো. হুমায়ুন কবির তালুকদারের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আশোকাঠী ফিলিং স্টেশনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের ৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উপজেলা পরিষদ সংলগ্ন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং কর্মস্থলে ফিরে না আসায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ শুরু হয়।
পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে আশোকাঠী এলাকার জমিদার মোহন লাল সাহার বাড়িসংলগ্ন একটি জঙ্গলের পাশে মহিউদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় সোমবার দিবাগত রাতেই গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক আলহাজ মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, "মহিউদ্দিন অত্যন্ত নম্র, ভদ্র ও দায়িত্বশীল ছেলে। দীর্ঘদিন ধরে সে আমাদের এখানে সততার সাথে কাজ করছে। এর আগেও তাঁর কাছে এর চেয়ে অনেক বেশি টাকা গচ্ছিত রাখা হতো। মাত্র সাড়ে চার লাখ টাকা নিয়ে সে পালিয়ে যাবে—এটা আমাদের কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমরা তাঁর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত এবং তাঁকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।"
এদিকে ঘটনার পর থেকে মহিউদ্দিনের পরিবারে চলছে মাতম। নিখোঁজের পর থেকে প্রিয়জনের কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। ব্যাংকে টাকা জমা দিতে বের হওয়ার পর কীভাবে তিনি নিখোঁজ হলেন এবং তাঁর মোটরসাইকেলটি কেন জঙ্গলের পাশে পড়ে ছিল, তা নিয়ে স্থানীয়দের মনে নানা রহস্য ও প্রশ্নের দানা বাঁধছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ নিখোঁজ মহিউদ্দিন তালুকদারকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে এবং অন্যান্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁর অবস্থান শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সরকারি ক্রয় প্রক্রিয়া ও ফাইল পরিচালনায় গতিশীলতা...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপায় বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখলের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পানপট্টি ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!