শিরোনামঃ

গোপালগঞ্জে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক দু’টি অভিযান চালিয়ে ১৭৬ বোতল উইনসেরেক্স কাশি সিরাপ ও ৪৯ বোতল ইস্কুফ সিরাপ মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।


আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে এসব মাদকসহ গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো-সাতক্ষীরা জেলার কলারোয়া উপজলার নিসার আলীর ছেলে মো: আমান উল্লাহ (২১), একই উপজেলার মিজানুর রহমানের ছেলে মো: ইলিয়াস নূর (৩৪), শেখ আ: হাকিমের ছেলে চালক শেখ আশিকুর রহমান (৩৫) ও এমদাদুল হকের ছেলে মোঃ সামি উল্লাহ (৩২)। 


প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-০৬ জানায়, প্রাইভেটকারে করে মাদকের একটি চালান সাতক্ষীরা থেকে ঢাকায় যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজার কাছে অবস্থান নেয় র‌্যাবের একটি দল।


এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৭৬ বোতল উইনসেরেক্স কাশি সিরাপ জব্দ করা হয়। পরে প্রাইভেটকারে থাকা তিন মাদক ব্যবসায়ী মো: আমান উল্লাহ, মো: ইলিয়াস নূর ও শেখ আশিকুর রহমানকে গ্রেফতার করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী মো: ইসমাইল হোসেন পালিয়ে যায়।


র‌্যাব আরো জানায়, একই সময়ে একটি মোটর সাইকেলে করে সাতক্ষীরা ৪৯ বোতল ইস্কুফ সিরাপ নিয়ে ঢাকায় যাচ্ছিল মাদক ব্যবসায়ী মো: সামি উল্লাহ। এসময় তাকে ৪৯ বোতল ইস্কুফ সিরাপসহ গ্রেফতার করে র‌্যাব।


র‌্যাব আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত চার আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?