শিরোনামঃ

গোপালগঞ্জ-০১ ও ০২ আসন  নিজ নিজ এলাকায় জনসভা করলেন বিএনপির দুই প্রার্থী



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন ছিল ফকরুদ্দীন-মইনউদ্দিনের সাজানো নির্বাচন। ২০১৪ সালে বাংলাদেশে কোন নির্বাচন হয়নি। ২০২৪ সালে অ্যামি-ড্যামি সাজানো নির্বাচন হয়েছিল। বাংলাদেশে আর ওই রকম নির্বাচন হবে না।


এদিকে, গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর বলেছেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এদেশে আর কেউ সংখ্যালঘু থাকবে না। সকল ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন। তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এদেশেই তারা উন্নত জীবন যাপন করতে পারবেন।


বুধবার (১১ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ও বুধবার সন্ধ্যায় সাতপাড় দ্বীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থীরা এসব কথা বলেন।


গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী না করলে বিএনপি ক্ষমতায় এলেও এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতার সুযোগ কমে যাবে। এলাকাবাসীর সন্তানদের ভবিষ্যৎ, স্থানীয় উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।


বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর আরো বলেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন এবং দল যদি ক্ষমতায় আসে তাহলে তিনি তার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট সহ সকল সেক্টরের  ব্যাপক উন্নয়ন করবেন। এলাকাকে মাদক মুক্ত করবেন। চিকিৎসার জন্য আর কাউকে বাইরে যেতে হবে না। সকল হয়রানী থেকে তারা মুক্ত থাকবেন।


এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ বদরুজ্জামান এজাজ, দিগনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মোল্যা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলার বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম লেলিন, সিংগা ইউনিয়ন বিএনপি নেতা তাপস সরকার, সাতপাড় ইউনিয়ন বিএনপি নেতা বিভূতি বিশ্বাস, সাতপাড় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রণব বিশ্বাস বাপীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?