শিরোনামঃ

গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের



সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 


পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবদমান রাজনৈতিক গ্রুপগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন।তিনি বলেন, “বিবদমান গ্রুপগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানাই। নোংরা রাজনীতিকে ঘৃণা জানাই। জনগণ শান্তি চায়, ব্যবসায়ীদের ওপর হামলা কিংবা সংঘাত চায় না।”


গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে গলাচিপা পৌর এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে কালীবাড়ি রোডের ঐতিহ্যবাহী হাবিব রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে।হাবিব রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মোঃ নাজমুল হুদা রিপন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই বিরোধের প্রভাব সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর পড়া কোনোভাবেই কাম্য নয়।


তিনি আরও বলেন, “সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা শান্তি চায়। সংঘাত, লুটপাট, অফিস-আদালত, ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর কিংবা কোনো ধরনের সহিংসতা মানুষ চায় না। ক্ষমতা দিয়ে সম্প্রীতির চর্চা করা উচিত, সন্ত্রাস কাম্য নয়।”রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কোনো কর্মকাণ্ড যদি সাধারণ মানুষের জানমালের জন্য ক্ষতিকর হয়, তাহলে বাংলাদেশ ইসলামী আন্দোলন বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হবে এবং প্রয়োজন হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”




তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়। তাই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতিহিংসা ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি চর্চা করা প্রয়োজন।



গলাচিপার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?