শিরোনামঃ

ঢাকায় চিকিৎসাধীন রোগীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, পরিবারের আহাজারি।


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত পরিবারের কর্তা ঢাকায় চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা অসুস্থ স্বজনের চিকিৎসার জন্য ঢাকায় থাকার সুযোগে চোরের দল বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে। সোমবার সকালে বাড়িতে ফিরে বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার (৫০) গত প্রায় ২০ দিন ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। তার ছেলে রায়হান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হলেও বাবার চিকিৎসার জন্য তাকেও ঢাকায় থাকতে হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা একটি RTR 2V মোটরসাইকেল, পানি তোলার মোটরপাম্প, নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, রাইসকুকার ও নতুন কাপড়চোপড় নিয়ে যায়। এছাড়া বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কয়েক হাজার টাকার মাছ-মাংসও নষ্ট হয়ে গেছে। রায়হান গণমাধ্যমকে জানান,আমরা হাসপাতালে বাবার জীবন বাঁচানোর লড়াই করছি। এর মধ্যে চোরেরা আমাদের শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। এখন বাবার চিকিৎসা চালাব কীভাবে এটাই আমাদের বড় চিন্তা। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, সংবাদ পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?