শিরোনামঃ

দীর্ঘ ৬ মাসেও গোপালগঞ্জের আলোচিত ওবায়দুর হত্যাকান্ডের কুল কিনার করতে পারেনি পুলিশ, দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাড়ীর সিড়ির উপর বসে আছেন মা আর বারান্দায় বসে আছে বোন। অপলক দৃষ্টি রয়েছে বাড়ীর রাস্তার উপর। কখন ফিরে আসবে ছেলে আর ভাই ওবায়দুর রহমান। ছেলে আর ফিরে আসবে না এমন ধ্রুব সত্য হলেও ছেলের অপেক্ষায় দিন গুনছেন মা। ভাইকে হারিয়ে এখন চোখের পানি সঙ্গী বোনের। প্রতিদিন ছেলে ও ভাই ফিরে আসবে এমন আশায় দিন গুনছে মা অার বোন। আর এমন চিত্র দেখা গেলো নিহত ওবায়দুর রহমানের বাড়ীতে গিয়ে।


এদিকে, চাঞ্চল্যকর ওবায়দুর রহমান হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।


দীর্ঘ ৬ মাস পার হলেও গোপালগঞ্জর কাশিয়ানী উপজেলার আলোচিত ওবায়দুর রহমান হত্যাকান্ডের কুল কিনার করতে পারেনি পুলিশ। চার্জশিট তো দূরের কথা আসামীদের গ্রেফতারও করা সম্ভব হয়নি। এনিয়ে নিহতের পরিবারের মধ্যে বাড়ছে ক্ষোভ। আসামীদের ধরতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা।


তবে, পুলিশ বলছে দ্রুত আগামীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হবে।


আজ রবিবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা খায়েরহাট গ্রামের নিহত ওবায়দুর রহমানের বাড়ীতে গিয়ে জানাগেছে, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে ওবাইদুর বিয়ে সংসার করবে এমন আশায় গড়েছিলেন বাড়ী কিন্তু সেই স্বপ্ন পূরন হবার আগেই লাশ হতে হলো তাকে। গত বছরের ১২ সেপ্টেম্বর ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন ওবায়দুর। এই দুই দিন পর ১৪ সেপ্টেম্বর সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশ থেকে ওবায়দুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু হত্যাকান্ডের ৬ মাস পার হলেও কোন কুল কিনার করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন দুই আসামী তানিয়া ও নুরুল ইসলাম বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও কোন তথ্য বের করতে পারেনি। এতে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে নিহতের পরিবারের সদস্যদের মাঝে।


আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আজ রবিবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বক্তব্য রাখেন।


নিহত ওবায়দুর রহমানের মা মইজান বেগম বলেন, আমার ছেলে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে বাড়ীতে না আসলে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। দুইদিন পর আমার ছেলের লাশ পাওয়া যায়। আমরা ছেলে বিয়ে করবে বলে বাড়ী করেছে। কিন্তু আর আর নেই স্বপ্ন পুরণ হলো না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।


নিহতের বোন আমেনা খানম বলেন, আমার ভাই আমাকে অনেক ভালোবাসতো। আমার ভাইকে হত্যা করে আমাকে আদর থেকে বঞ্চিত করলো। আমি আমার ভাই হত্যার বিচার চাই। দোষীদের দৃস্টান্তমূলক শাস্তি চাই। আমার ভাই ওবায়দুর হত্যার বিচার পাওয়া নিয়ে আমরা শংকিত।


নিহতের চাচাতো ভাই এনামুল হক সিকদার বলেন, আমার চাচাতো ভাইকে হত্যার ঘটনার ৬ মাস পার হলো পুলিশের তেমন কোন অগ্রগতি নেই। চার্জশিট দেয়া তো দূরের কথা আসামীদের গ্রেফতার করতে পারেনি। এমনকি তথ্য প্রমাণ দিলেও পুলিশের কোন তৎপরতা নেই। দ্রুত আসামীদের গ্রেফতার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।


কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান বলেন, মামলাটি আমরা গুরুত্বের সাথে দেখছি। সন্দেহভাজন দুইজকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তারা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মামলাটির দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার করে আদালতে চার্জশিট দেয়া হবে বলে জানান, কাশিয়ানী থানার ওসি।


প্রসঙ্গত, নিঁখোজের দুইদিন পর গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় আজ্ঞাতদের আসামী করে নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?