ডাব চুরি করতে গাছে উঠে ভিমরুলের কামড়ে নিচে পড়লেন চোর, উদ্ধার করল পুলিশ



সোহাগ হাওলাদার, বরগুনা:

বরগুনায় নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে উঠে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির নামে এক ব্যক্তি। পরে গাছের নিচে পড়ে থেকে উঠতে না পেরে বাড়ির মালিককে ডাকেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। 


শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় বেলাল নামে এক বাসিন্দার বাড়িতে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেলালের বাড়ির একটি নারিকেল গাছে ডাব চুরি করতে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কাটার পর সেগুলো নিচে ফেলেন তিনি। একপর্যায়ে গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুলের দল তাকে কামড়াতে শুরু করে। 


ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে দবির গাছ থেকে নিচে পড়ে যান। এতে তার কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তিনি গাছের নিচে পড়ে থাকেন এবং উঠে দাঁড়াতে না পেরে বাড়ির মালিক ও স্থানীয়দের কাছে সাহায্যের জন্য ডাকাডাকি করেন। 


পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দবিরকে উদ্ধার করে। গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 


বাড়ির মালিক বেলাল বলেন, এলাকার প্রায় সব গাছের ডাব ও সুপারি যেন তার নিজের মনে করে। সকালে ঘুম থেকে উঠে তার ডাক শুনে বাইরে এসে দেখি, সে গাছের নিচে পড়ে আছে। পাশে চুরি করা কয়েকটি ডাবও পড়ে ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে। 


এবিষয়ে, বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের নিচে পড়ে থাকা দবির নামে একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত ছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?