চাঁদার দাবীতে বিআরডিবি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে, নেতার দাবী ভিন্ন




নিজস্ব প্রতিবেদক:



বরিশালের গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতার দাবীকৃত সাড়ে চার লাখ টাকা না দেওয়ায় বিআরডিবি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে ভিন্ন দাবি করেছেন। 


অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার নাম কাজী আবুল কালাম। সে (কালাম) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। 



হামলায় আহত বিআরডিবি কর্মকর্তার নাম কাজী আব্দুস সোবহান। তিনি (সোবহান) পিরোজপুর বিআরডিবিতে কর্মরত এবং উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা ও গৌরনদী বন্দরের একটি বাসার ভাড়াটিয়া। 



থানায় লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৮ আগষ্ট বেলা এগারটার দিকে বাসা থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার জন্য বের হলে পথিমধ্যে গৌরনদী মাছবাজার ব্রীজের ঢালে কাজী কালাম ও তার ২/৩ জন সহযোগী তার (কাজী আব্দুস সোবহান) গতিরোধ করে জিআই পাইপ ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে ও কিল ঘুসি মেরে জখম করে। মারপিটের একপর্যায়ে কাজী কালাম তার (কাজী সোবহান) কাছে সাড়ে চার লাখ টাকা চাঁদা হিসেবে দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার কাছ থেকে চাঁদা বাবদ দেড় লাখ টাকা নিয়া যায়। এমনকি বাকী টাকা না দিলে হত্যার হুমকি দেয়।  



তবে চাঁদা দাবী ও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে উপজেলা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী আবুল কালাম বলেন, অভিযোগকারী কাজী আব্দুস সোবহান আমার চাচাতো ভাই। তার সঙ্গে পারিবারিক ভাবে একটু ঝামেলা হয়েছিলো। যা আগামী বুধবার আমার অন্যান্য ভাইয়েরা সমাধান করে দিবেন। এখানে চাঁদা দাবী, আদায় কিংবা হামলার কোন ঘটনা ঘটেনি।



গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?