শিরোনামঃ

ব্রিজ নেই, বাঁশের সাঁকোই ভরসা' লাল ফিতা কেটে সাঁকো উদ্বোধন বিএনপি নেতার


সোহাগ হাওলাদার, বরগুনা:

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামে ভেঙে যাওয়া আয়রন ব্রিজের স্থলে স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন স্থানীয় বিএনপি নেতা। 


শনিবার (২৯ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন। 


এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর জমাদ্দার, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. খোকন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল গাজীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোগলপাতি গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকার মানুষের যোগাযোগের জন্য একটি আয়রন ব্রিজ ছিল। দীর্ঘদিন আগে ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

দুর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাঁশ ও গাছপালা সংগ্রহ করে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। সাঁকো নির্মাণে যারা বাঁশ ও গাছপালা দিয়েছেন, তারা কোনো অর্থ নেননি। তবে কারিগর ও মিস্ত্রিদের মজুরি বাবদ প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হয়েছে, যা স্থানীয় বাসিন্দারাই বহন করেছেন। 


উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা রাশেদ খান মামুন বলেন, সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বাঁশ ও গাছপালা সংগ্রহ করেছেন। সবার সহযোগিতায় সাঁকোটি নির্মাণ করা সম্ভব হয়েছে। সর্বসাধারণের দুর্ভোগ লাঘবে যারা এই কাজে এগিয়ে এসেছেন, তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। 


স্থানীয়রা জানান, বাঁশের সাঁকো নির্মাণের ফলে আপাতত দুই এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে বাঁশের সাঁকো স্থায়ী কোনো সমাধান নয়। ভেঙে যাওয়া আয়রন ব্রিজের স্থলে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?