শিরোনামঃ

বরগুনা হাসপাতালে রোগীর স্বজনদের হামলা, টেকনোলজিস্টকে মারধর ও ভাঙচুর


সোহাগ হাওলাদার, বরগুনা:

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে হামলা চালিয়ে কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্টকে মারধর ও বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এক্স-রে কক্ষে অতিরিক্ত লোকজন প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের এক্স-রে বিভাগে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত রুনা নামে এক নারী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দিলে স্বজনরা তাকে নিয়ে এক্স-রে বিভাগে যান। এ সময় রোগীর সঙ্গে ২০ থেকে ২৫ জন স্বজন কক্ষে প্রবেশ করতে চাইলে বাধা দেন কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) আবুল হোসেন।

এতে ক্ষুব্ধ হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে অবুল হোসেনকে মারধরসহ এক্স-রে রুমে ভাঙচুর চালায় ওই রোগীর স্বজনরা। 


এক্স-রে বিভাগে হামলার ঘটনায় মারধরের শিকার হওয়া টেকনোলজিস্ট আবুল হোসেন বলেন, রুনা নামে এক রোগী দুপুরে এক্স-রে করতে আসেন। তার সঙ্গে প্রায় ২০-২৫ জন লোক ছিল। রুমের মধ্যে রোগীর সঙ্গে অনেক লোক প্রবেশ করায় এক্স-রে করতে সমস্যা হয়। এ কারণে বাড়িতে  লোকজনকে কক্ষ থেকে বের হতে বললে আমাকে হুমকি ধামকি দেয়। এ ছাড়াও রোগীর একটি এক্স-রে করার কথা থাকলেও আমাকে দুটি এক্স-রে করতে বলেন তারা। পরবর্তীতে এক্স-রে করে তারা চলে যাওয়ার একটু পর আবার স্বজনরা এসে আমাকে মারধর করাসহ এক্স-রে বিভাগে হামলা করে কক্ষের ভেতরে থাকা কম্পিউটার ফটোকপি মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ ফেলে দেয়।


হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এক্স-রে বিভাগে ব্যবহৃত মেশিনগুলোর মূল্য প্রায় কোটি টাকা। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। প্রকৌশলীরা পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন বলেন, ২০ থেকে ২৫ জন লোক একসঙ্গে এসে টেকনোলজিস্টের ওপর হামলা চালান। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এক্স-রে করাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?