বঙ্গোপসাগরে ট্রলারডুবি' নিখোঁজ ৫ জেলের ১ জনের মরদেহ উদ্ধার


সোহাগ হাওলাদার, বরগুনা:

বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল মীর (৩০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 


মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ট্রলার মালিক সমিতির পাঠানো উদ্ধারকারী দল ট্রলারডুবির স্থান থেকে মরদেহটি উদ্ধার করে। পরে বুধবার (২৬ আগস্ট) সকালে মরদেহটি পাথরঘাটার বাদুরতলা এলাকায় আনা হয়। নিহত সাইকুল মীর পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট পাথরঘাটা থেকে ১৩ জন জেলে নিয়ে এফবি বরকত নামের একটি ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যান। ২৪ আগস্ট বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় আট জেলে সাঁতরে পাশের একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচলেও পাঁচজন নিখোঁজ হন। 


নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ও ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি উদ্ধারকারী ট্রলার সাগরে পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার বিকেলে ট্রলারডুবির স্থান থেকে সাইকুল মীরের মরদেহ উদ্ধার করা হয়। 


উদ্ধারকারী দলের সদস্য শাকিল বলেন, ট্রলারডুবির স্থানে পৌঁছানোর পর সাইকুলের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারের ভেতরে তল্লাশি চালানো সম্ভব হয়নি। নিখোঁজ অন্য জেলেদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 


এফবি বরকতের মালিক মো. আশরাফ বলেন, ট্রলারডুবির পর থেকেই উদ্ধার অভিযান চলছে। সাইকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ জেলেদের সন্ধানে একটি ট্রলার এখনো সাগরে রয়েছে এবং অভিযান অব্যাহত আছে। 


এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাইকুল মীরের মরদেহ উদ্ধারের বিষয়টি তারা জানতে পেরেছেন। মরদেহ পাথরঘাটায় আনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে নৌপুলিশ, কোস্টগার্ড ও ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দল কাজ করছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?