শিরোনামঃ

বেতাগীতে সৎ ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি সদস্য কারাগারে

 


সোহাগ হাওলাদার,বরগুনা:

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আবুল হোসেন গাজীককে সৎ ভাইয়ের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করে জাল হলফনামা ও বিভিন্ন কাগজপত্র তৈরির মাধ্যমে জমির রেকর্ড নিজের নামে নেওয়া এবং তা ভোগদখলের অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


সোমবার (১৭ আগস্ট) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন আবুল হোসেন। শুনানি শেষে মামলার নথি, জালিয়াতির মাধ্যমে তৈরি করা ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র ও মিউটেশন খতিয়ান পর্যালোচনা করে তার জামিন আবেদন নামঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 


মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই আবুল হোসেনের বিরুদ্ধে চেয়ারম্যানের নামে জাল ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ ওঠে। এসব কাগজপত্রে তার সৎ ভাই আব্দুস সোবাহান গাজী, নিজের মা ও সৎ মাকে একই ব্যক্তি হিসেবে দেখিয়ে একটি ঘোষণাপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। 


অভিযোগে আরও বলা হয়, সৎ ভাই আব্দুস সোবাহান গাজীর জমি আত্মসাতের উদ্দেশ্যেই এসব জাল কাগজপত্র তৈরি করা হয়। বিষয়টি জানতে পেরে আব্দুস সোবাহান সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেন।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই বেতাগী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল হোসেন গাজীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন আব্দুস সোবাহান গাজী। 


আদালত মামলাটি আমলে নিয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার পর বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

পরে মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আবুল হোসেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

তবে মামলায় আনা অভিযোগগুলো এখনো বিচারাধীন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগের সত্যতা এবং প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?