- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬ ০৪:৪৬ পিএম
টুঙ্গিপাড়ায় ভাঙা ঘরে বৃষ্টির পানিতে ভিজে নবজাতকের জন্ম, পাশে দাঁড়াল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বৃষ্টির মধ্যে ভাঙাচোরা কুঁড়েঘরে জন্ম নিয়েছে এক নবজাতক। মাথার ওপর নেই নিরাপদ ছাদ, ঘরে নেই পর্যাপ্ত খাবার। কখনো মন্দিরে, কখনো অন্যের বাড়ি কিংবা কোনো প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে দিন কাটছে অসহায় এই পরিবারটির।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল দক্ষিণপাড়ার ২ নম্বর ওয়ার্ডে এ পরিবারটির বসবাস।
পরিবারটির কর্তা চিন্ময় মন্ডল (৪৮)। সরল-সোজা এই মানুষটির স্ত্রী আরতী মন্ডল (৪০) প্রতিবন্ধী। তাদের তিন সন্তান। বড় ছেলে কৃষ্ণ মন্ডলের বয়স ৮ বছর, সেও প্রতিবন্ধী। মেঝো ছেলে বিষ্ণু মন্ডলের বয়স ৬ বছর। আর তিন দিন আগে জন্ম নেওয়া ছোট সন্তানটি এখনো নাম পায়নি।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। থাকার মতো একটি ঘরও তাদের নেই। ভাঙাচোরা কুঁড়েঘরটুকুও বৃষ্টি হলে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি সেই ঘরেই বৃষ্টির মধ্যে জন্ম নেয় নবজাতকটি।
পরিবারটির দুরবস্থার খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। তিনি বাঘিয়ারকূলে গিয়ে অসহায় পরিবারটির সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ইউএনও নবজাতক শিশুটির শারীরিক অবস্থা দেখে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি পরিবারটির জন্য একটি ঘরের ব্যবস্থা করারও আশ্বাস দেন।
প্রশাসনের এই উদ্যোগে কিছুটা আশার আলো দেখছেন পরিবারটির সদস্য ও প্রতিবেশীরা। তাদের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত একটি নিরাপদ ঘর ও নিয়মিত খাদ্যের ব্যবস্থা হলে তিন সন্তানকে নিয়ে পরিবারটি অন্তত নিরাপদে বেঁচে থাকার সুযোগ পাবে।
ভুক্তভোগী চিন্ময় মন্ডল বলেন, ‘আমার কিষাণ চলে না। সন্তানের মুখে ভাত দিতে পারি না। ঘর বানাবো কীভাবে? প্রশাসনের কাছে জোর দাবি, আমাকে যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয়।’
নবজাতকের মা আরতী মন্ডল প্রতিবন্ধী হওয়ায় ঠিকমতো কথা বলতে পারেন না। সন্তানদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দুটি সন্তান।’ পরিবারের অসহায়ত্ব ও প্রতিবন্ধকতার কারণে সন্তানদের স্বাভাবিকভাবে দেখাশোনাও করতে পারছেন না তিনি”।
এলাকাবাসী জয়দীপ হালদার বলেন, ‘এদের পরিবারের সবাই প্রায় প্রতিবন্ধী। নুন আনতে পান্তা ফুরায়। নবজাতক শিশুটি বৃষ্টির মধ্যে ভিজে দুনিয়ায় এসেছে। কখনো মন্দিরে আশ্রয় নেয়, কখনো অন্য কোনো প্রতিষ্ঠানে থাকে। সেখানেও তারা থাকতে পারে না। এদের জন্য একটি ঘর খুবই প্রয়োজন। কোনো বিত্তবান ব্যক্তি, প্রশাসন বা সরকার যদি পরিবারটির জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেয়, তাহলে অন্তত খেয়ে না খেয়ে হলেও মাথা গোঁজার ঠাঁই পাবে পরিবারটি”।
প্রতিবেশী বিনতা মাঝি বলেন, ‘এদের থাকার কোনো ব্যবস্থা নেই। একদিন তিনবেলা খাবার খায়, আবার দুই বেলা না খেয়ে থাকে। এমনকি রান্না ঘরের ব্যবস্থা নেই,বৃষ্টি আসলে রান্না করতে পারেনা”।
পাটগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুষু বলেন, ‘তাদের যে ঘর নেই এবং তারা মানবেতর জীবনযাপন করছে, এটি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। চেয়ারম্যান ও প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘তাদের যে ঘর নেই, এ বিষয়টি আমার জানা ছিল না। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। প্রশাসনের সঙ্গে কথা বলে ঘরের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব।’
ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘আমি এখানে সদ্য যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিল না। অসহায় পরিবারটির বিষয়ে জানতে পেরেছি। আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ #
এই বিভাগের আরো খবর
-
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা বরগুনায় সবুজায়নের লক্ষ্যে ২১শ’ বৃক্ষরোপণ করেছে পূবালী ব্যাংক...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `উন্নত মমশির ক্লাবের উদ্যোগে 'জুলাই গণ-অভ্যুত্থান কুইজ, পরিবেশ সংরক্ষণ সেমিনার ও বৃক্ষ বিতরণ'...
-
সঞ্জিব দাস, গলাচিপা( পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাজ্বর (ভিসেরাল লিশম্যানিয়াসিস) কেস ম্যানেজমেন্ট ও DHIS-2 Tracker বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!