শিরোনামঃ

তিনদিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ সম্পন্ন

তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ও সামাজিক সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে তিনদিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর আদাবরে পদক্ষেপ ট্রেনিং সেন্টারের সেমিনার কক্ষে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং জিপিইর ইওএল-আশা প্রকল্পের আওতায় সহযোগী সংগঠনের যুব সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক তপন কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। এ সময় উপস্থিত ছিলেন পাসা'র নির্বাহী পরিচালক ফরিদ খান, সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধূরী, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, সিনিয়র ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) খলিলুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি এবং প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম।


প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণরা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শিক্ষার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নিজ নিজ এলাকায় সমাধানে কাজ করার অঙ্গীকার করেন। চিহ্নিত সমস্যার মধ্যে ছিল—শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, ঝরে পড়া, শিশুশ্রম, মোবাইল আসক্তি, সাইবার বুলিং, কিশোর অপরাধ, জেন্ডার বৈষম্য, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, আত্মহত্যা ও মানসিক চাপ, মাদকাসক্তি, পরিবেশ দূষণ, ধর্মীয় গোঁড়ামি, বয়ঃসন্ধিকাল ব্যবস্থাপনা, স্যানিটেশন, ডিজিটাল বৈষম্য, মানসম্মত শিক্ষার অভাব এবং শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব।

প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, ইস্যুভিত্তিক সভা পরিচালনা, সরকারি-বেসরকারি সেবা সম্পর্কে ধারণা, স্থানীয় সম্পদের ব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, প্রতিবেদন ও সংবাদ বিজ্ঞপ্তি প্রণয়ন এবং তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন তপন কুমার দাশ, মোশারফ হোসেন, আব্দুর রউফ, সামছুন নাহার বেগম কলি ও সিজুল ইসলাম।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।


তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে ইওএল-আশা প্রকল্পের আওতায় দেশের ১৫ জেলার ১৫টি বাস্তবায়নকারী সংগঠন থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে বরিশালের সেইন্ট বাংলাদেশসহ পঞ্চগড়, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, মেহেরপুর, চট্টগ্রাম, খুলনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ ও ভোলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?