শিরোনামঃ

সঠিকভাবে কাজ হবে কিনা—এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই-গোপালগঞ্জ-০৩ আসনের সাংসদ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ জেলা নয়। বিশেষ করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া দেশের বাইরে কোনো উপজেলা নয়। এখানে সঠিকভাবে কাজ হবে কিনা—এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার। এ জলাধার নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই লাঘব হবে।


আজ সোমবার (২ মার্চ) সকাল ও বিকালে টুঙ্গিপাড়া উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলা নিয়ে কোনো কার্পণ্য না করার কথা বলেছেন। দেশের অন্যান্য উন্নত জেলার মতো সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে গোপালগঞ্জ। উন্নয়নের ক্ষেত্রে এ জেলার প্রতি কোনো বৈষম্য রাখা হবে না। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কাজ করব। আপনারা যে যে দপ্তরে দায়িত্ব পালন করছেন, কোনো ব্যক্তিগত বা দাপ্তরিক সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব।


সংসদ সদস্য আরো বলেন, এ অঞ্চলে ডিপ টিউবওয়েল স্থাপন করা সম্ভব হয় না। ভূগর্ভস্থ পানির সীমাবদ্ধতার কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে সরকারের পক্ষ থেকে উচ্চ জলাধার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্লান্ট রাষ্ট্রীয় সম্পদ। এর নির্মাণ, সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।


তিনি আরো বলেন, এলাকার মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসকরা হাসপাতালের জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির বিষয় তুলে ধরলে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।


এরপর দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সংসদ সদস্য। এরপর টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।  এসময় হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?