পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ১০:২৭ পিএম
পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের তৃণমূল পর্যায়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়ায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের আয়োজনে বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে পরিবারের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব। গবাদিপশুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা ও অন্যান্য জৈব বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস উৎপাদন করা যায়। এতে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমানোর পাশাপাশি জৈব সার উৎপাদন এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস পরিবারের চাহিদা মেটানোর পর অতিরিক্ত গ্যাস প্রতিবেশী বা আশপাশের পরিবারের কাছে সরবরাহ করে বাড়তি আয় করা সম্ভব। এতে জ্বালানি খরচ কমার পাশাপাশি উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করেও বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এতে খামারিরা নিজেদের জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। বরিশাল অঞ্চলে ইতোমধ্যে প্রায় ৮১টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এ সময় তিনি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সবজি চাষ, মৎস্য চাষ, কুটিরশিল্প, পারিবারিক হাঁস-মুরগি পালন ও পোল্ট্রি ফার্মসহ বিভিন্ন খাতের আটজন উপকারভোগীর মধ্যে মোট ৯ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম। এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সুবিধাবঞ্চিত মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বরিশালে পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।...
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোনে চলাচলকারী শত শত যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা নেই। এসব যানবাহনে বাধ্যতামূলক...
-
দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!