বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
সুবিধাবঞ্চিত মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বরিশালে পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এর প্রতিপাদ্য ছিল ‘মান্তাদেরকে মানতে হবে, মূলধারায় আনতে হবে’।
সংলাপে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত নওরীণ। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের সাংবাদিক সাঈদ পান্থ, মাই টিভির সাংবাদিক পারভেজ রাসেল এবং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওহিদুর আলম।
প্রধান অতিথি নুসরাত নওরীণ বলেন, সমাজের কোনো জনগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব নয়। মান্তা জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আর্থিক সেবা নিশ্চিত করে মর্যাদাপূর্ণ জীবন গড়ে তুলতে সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সংলাপে মান্তা জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা, পরিচয়সংকট ও নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, স্থায়ী বাসস্থানের অভাব, শিশুদের শিক্ষার সীমিত সুযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া এবং আর্থিক সেবা গ্রহণে প্রতিবন্ধকতা তাঁদের জীবনমান উন্নয়নের পথে বড় বাধা হয়ে রয়েছে।
বক্তারা বলেন, মান্তা জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত নীতিমালা বাস্তবায়ন জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সংলাপে মান্তা জনগোষ্ঠীর সুপেয় পানির উৎস ও স্যানিটেশন ব্যবস্থার বর্তমান অবস্থা, বসবাসের স্থান, দৈনন্দিন সমস্যা এবং সরকারি সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়গুলো আলোচনায় উঠে আসে। তাঁদের জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরে গণমাধ্যমে প্রচার এবং ভিডিওচিত্রের মাধ্যমে তথ্য সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আভাসের মনিটরিং কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আহসানের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক নাসরিন খানম। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং মান্তা সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অংশগ্রহণকারীরা মান্তা জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।
উন্মুক্ত সংলাপ শেষে মান্তা পরিবারের সদস্যদের সুস্থ থাকতে জীবাণুমুক্ত থাকার উপায় এবং সাবান ও পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।