শিরোনামঃ

খুবি শিক্ষার্থীর উদ্ভাবনে চালু হলো স্মার্ট কৃষি প্ল্যাটফর্ম ‘গাছের ডাক্তার’



খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি


দেশের কৃষিখাতকে ডিজিটাল রূপান্তরের আওতায় প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে দেশের প্রথম স্মার্ট কৃষি সেবা প্ল্যাটফর্ম ‘গাছের ডাক্তার’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের উদ্ভাবক খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদনান শাহ আবীর।


প্রচলিত জটিল কৃষি পদ্ধতির বাইরে এসে কৃষকদের তাৎক্ষণিক ও কার্যকর সমাধান দেওয়াই এই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য। এআই প্রযুক্তির মাধ্যমে কৃষকের দৈনন্দিন নানা সমস্যার দ্রুত সমাধান দিচ্ছে ‘গাছের ডাক্তার’।


প্ল্যাটফর্মটির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো ‘রোগ নির্ণয়কারী স্ক্যানার’। আক্রান্ত গাছের পাতার ছবি তুললেই মুহূর্তের মধ্যে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় প্রতিকারের পরামর্শ দিচ্ছে এটি। এছাড়াও মাটির ছবি বিশ্লেষণের মাধ্যমে পিএইচ (pH) মাত্রা নির্ণয়, লোকেশনভিত্তিক স্মার্ট আবহাওয়া পূর্বাভাস এবং ২৪ ঘণ্টার চ্যাট অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সরাসরি কৃষি সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে।


এছাড়া বাংলা মাসভিত্তিক চাষাবাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও পাইকারি বাজারদরের নিয়মিত আপডেটও যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটিতে।


উদ্ভাবক আদনান শাহ আবীর বলেন, “ওয়েবসাইটটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কৃষকের দৈনন্দিন জীবনের সব ধরনের সমস্যা সমাধানে আমরা এর ফিচারগুলো নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করছি। ইতোমধ্যে অ্যাপ ভার্সন তৈরির কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই তা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।”


তিনি আরও বলেন, “সরকারি সহযোগিতা পেলে এই ডিজিটাল সেবাটি দেশের তৃণমূল পর্যায়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এটি জাতীয় কৃষিখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।”


বর্তমানে ‘গাছের ডাক্তার’ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ কৃষকদের মতামত ও ফিডব্যাকের ভিত্তিতে প্ল্যাটফর্মটিকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে। আগ্রহীরা নির্ধারিত লিংকে প্রবেশ করে এই ডিজিটাল কৃষি সেবার অভিজ্ঞতা নিতে এবং মতামত জানাতে পারবেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?