শিরোনামঃ

বরিশালে জেন্ডার বৈষম্য মোকাবিলায় সভা : তরুণদের নেতৃত্বে সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বারোপ


সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির (সিডিএস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী ও তরুণদের জীবনে জেন্ডার স্টেরিওটাইপের প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

নারী ও তরুণদের জীবনে নেতিবাচক সামাজিক ধারণা ও বৈষম্যমূলক মানসিকতার প্রভাব কমাতে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে আর্থিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস।

সিডিএসের নির্বাহী পরিচালক সামিয়া আলী আন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, জার্মানিভিত্তিক KIPPDATA-এর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আউটরিচ ও পার্টনারশিপস কনসালট্যান্ট দীপু হাফিজুর রহমান, বরিশাল কোতোয়ালি মডেল থানার এএসআই রুমা পারভিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক হাসান শিকদার। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়শা আক্তার ও জান্নাতুল ফেরদৌসি।

সভায় বক্তারা বলেন, সমাজে প্রচলিত জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা নারী ও তরুণদের অধিকার, সুযোগ এবং সম্ভাবনার বিকাশে বাধা সৃষ্টি করে। এসব প্রতিবন্ধকতা দূর করতে ব্যক্তি, পরিবার, সমাজ, যুব সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে, তরুণদের সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সক্রিয় অংশগ্রহণ লিঙ্গসমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দলগত আলোচনা, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা সমাজে বিদ্যমান জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সমতা প্রতিষ্ঠার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করেন। এসব সমস্যা মোকাবিলায় সম্ভাব্য সমাধান, করণীয় ও নিজেদের ভূমিকা নিয়েও তাঁরা মতামত তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব স্তরে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য তরুণদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়ানো জরুরি।

বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, তরুণদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় সমাজে বিদ্যমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব হবে। তাঁরা এমন একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে লিঙ্গপরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না এবং প্রত্যেকের অধিকার ও সক্ষমতা অনুযায়ী সমান সুযোগ নিশ্চিত হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?