শিরোনামঃ

গৌরনদী উপজেলা হাসপাতালের  কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ


*থমকে আছে আর্থিক কার্যক্রম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) পদ দুই মাস যাবত শূন্য থাকায় চরম বিপাকে পড়েছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ আগষ্ট ইউএইচএফপিও ডা. ফখরুল ইসলাম মৃধা এ হাসপাতাল থেকে বদলী হয়ে অন্যত্র চলে যান। এরপর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল ফাতাহ মো. নাসেরকে ভারপ্রাপ্ত ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। গত ৬ সেপ্টেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. শ্রী তরুন কুমার পালকে (কোড-১৩৩২৫১) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। তবে তিনি যোগদান করেননি। ফলে হাসপাতালে স্বাস্থ্য সেবা চালু থাকলেও দাপ্তরিক কাজে নানা জটিলতা তৈরি হয়েছে।

সূত্রে আরো জানা গেছে, ডা. আবুল ফাতাহ মো. নাসেরকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হলেও তাকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি। ফলে তার স্বাক্ষরে অফিসিয়াল অন্যান্য কাজ হলেও বেতন-ভাতা কিংবা অন্য কোন বিল উত্তোলন করা যাচ্ছেনা। যে কারনে ৫০ শয্যা বিশিষ্ট গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৫ জন ডাক্তার, ৩৮ জন নার্স সহ সর্বমোট ১৬১ জন কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতা বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করে হিন্দু সম্প্রদায়ের একাধিক কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভেবেছিলাম দূর্গা পূজার আগে বেতন-বোনাস পাবো। কিন্তু কিছুই পাইনি। ফলে এবছর আমাদের পরিবারগুলো ছিলো পূজার আনন্দ থেকে বঞ্চিত।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, চলতি মাসের ১৮ তারিখ থেকে পে-স্কেলের বেতন পুননির্ধারণ কাজ শুরু হয়েছে। তবে ইউএইচএফপিও না থাকায় বেতন পূননির্ধারণ করা যচ্ছেনা। বেতন-ভাতা ছাড়াও হাসপাতালের পথ্য সরবরাহ, ওষুধ ক্রয়, অ্যাম্বুলেন্সের তৈল সরবরাহ সহ আর্থিক সমস্ত লেনদেন বন্ধ থাকায় ভোগান্তি হচ্ছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।  

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, ভারপ্রাপ্ত ইউএইচএফপিও’র হাতে আর্থিক ক্ষমতা প্রদান না করায় প্রায় দুই মাসের বেতন কেউ উত্তোলণ করতে পারেনি। পাশাপাশি হাসপাতালের সকল আর্থিক কার্যক্রম আটকে আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এবিষয়ে বরিশাল সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান জানিয়েছেন, নতুন ইউএইচএফপিও দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতত সময়ের মধ্যে অর্ডার হয়ে যাবে।

এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বলেন, দ্রুত সময়ের মধ্যে যাতে হাসপাতালে ইউএইচএফপিও যোগদান করতে পারেন সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এরইমধ্যে আলোচনা করা হয়েছে। আশা করছি শিগ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?