গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরো দুই মামলা, মোট মামলা হলো ১০টি



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্চ ফর গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে টুঙ্গিপাড়া থানায় ও জেলা কারাগার ভাংচুরের ঘটনায় সদর থানায় নতুন আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ দুটি মামলায় আসামী করা হয়েছে ১ হাজার ৪৪২ জনকে।


এ নিয়ে এ ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হলো। আর এসব মামলায় মোট আসামী করা হয়েছে ৯ হাজার ৮৪৬ জনকে আসামী করা হয়েছে। এদিকে, এ ঘটনায় নতুন করে আরো ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার হলো ৩২২ জন।


টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, গোপালগঞ্জে জাতীয় পার্টির (এনসিপি) সমাবেশে বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এ অভিযোগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে যুবলীগ-ছাত্রলীগের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।


এ মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহসভাপতি ইফতি জামান পল্লব, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাস কালু, কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির মোল্লা, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী তালুকদার, সাধারন সম্পাদক মমিন মর্তুজা, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লাসহ অনেকে।


মামলার এজাহার বলা হয়েছে, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে নস্যাৎ করার লক্ষ্যে টুঙ্গিপাড়ার (পিরোজপুর-ঢাকা) মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা ও জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে থাকে। এছাড়া মহাসড়কের আশে পাশে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করার চেষ্টা করে।


তিনি আরো বলেন, এ মামলার এজাহার নামীয় ২৩ জনসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে হওয়া এ মামলায় নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি।


অপরদিকে, গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো: সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা কারাগার ভাংচুরের ঘটনায় জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক হাজার জনকে আসামী করে সদর থানায় একটি মামলা করেন।


এনিয়ে সংহিসতার ঘটনায় জেলার গোপালগঞ্জ, কাশিয়ানী ও কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় থানায় ৪টি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা দায়ের করা হলো। এসব মামলায় ৯ হাজার ৮৪৬ জনকে আসামী করা হয়েছে।


এ ঘটনায় নতুন করে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় এখন পযর্ন্ত মোট ৩২২ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মি হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?