গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক পুলিশ সদস্যসহ আহত-৪



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত: চারজন আহত হয়েছেন।


রবিবার (০৯ আগষ্ট) রাতে গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 


আহতরা হলেন—মো. আশিকুর রহমান মিনার (৩৩), মো. আতিকুর রহমান হামিম (৩১), তাজবির শেখ (২৩) ও রিফাত হাসান উজ্জ্বল (৩৩)। আহতদের মধ্যে পুলিশ সদস্য মো. আতিকুর রহমানসহ তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা জানান, দীর্ঘ দিন ধরে বাড়ীর পাশ্ববর্তী বতু দাঁড়িয়ার সাথে মো: শামসুল আলম মিটুর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ রবিবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশের মাধ্যমে জায়গা ভাগাভাগি করে সমাধান করে দেন। শালিশ শেষে সবাই চলে গেলে বতু দাঁড়িয়ার ছেলে রাজিব দাঁড়িয়ার শ্যালক সোহান তার দলবল নিয়ে ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে মো: শামসুল আলম মিটুর পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ছুরি ও কুড়ালের কোপে পুলিশ সদস্য মো: আতিকুর রহমান, তার বড় ভাই মো: আশিকুর রহমান ও প্রতিবেশি তাজবির শেখসহ চারজন গুরুতর আহত হন। এক পয্যায়ে অন্য প্রতিবেশিরা ঠেকাতে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় হামলাকারীরা। মারাত্মক আহত ৩জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত পুলিশ সদস্য মো. আতিকুর রহমান বলেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপিতে) কর্মরত আছেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন। পুরোনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছিল। এ সময় পাশের বাড়ির বতু দাঁড়িয়া কাজে বাধা দেন। পরে স্থানীয়দের সালিশে বিষয়টির সমাধান করা হয়। তবে সালিশ শেষে সবাই চলে যাওয়ার পর সোহান তার লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।


তবে এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, আমরা ঘটনাটি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?