গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৬, আহত-৩




স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩ জন।


আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড, একই মহাসড়কের সদর উপজেলার  ডুমদিয়ায় এবং মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।


ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ রাসেল মিয়া, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল এসব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রঞ্জনপুর পাইকান্দি গ্রামের মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫)। এরা একই পরিবারের। অপর নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মাছ ব্যবসায়ী ওবায়দুল সেখ (৪৮), সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মন্টু গাজীর ছেলে টিটো গাজী (৫০) ও কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজরা গ্রামের মৃত গেদু শেখ ছেলে ও ভ্যান চালক খোকন শেখ (৬২)।


ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ রাসেল মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইক করে মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা যাচ্ছিলো। এসময় কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বৃদ্ধ মোতালেব নিহত হন এবং অপর ৬জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোতালেবের স্ত্রী দেলোয়ারা মারা যান। মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় মোতালেবের মেয়ে রুমা বেগম ও ওবায়দুল সেখ মারা যান।


তিনি আরো বলেন, নিহতদের মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।


অপরদিকে, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, নিজ বাড়ী থেকে বাজারে যাবার জন্য ফাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন টিটো গাজী। এসময় ওয়েলকাম পরিবহনের একটি দ্রুতগামী বাস চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


অন্যদিকে, মুকসুদপুর উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাতায় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী প্রাইভেটকারের সাথে একটি আটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যান চালক খোকন শেখ মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। #


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?