শিরোনামঃ

গলাচিপায় আগাম তরমুজের বীজ নিয়ে সমাবেশ


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষের আধুনিক কলাকৌশল, আগাম জাতের হাইব্রিড তরমুজের বীজের ফলক উন্মোচন এবং কীটনাশক পরিবেশকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে জিসান এগ্রো সিড ফার্ম ও সেঞ্চুরি এগ্রো লিমিটেডের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আগাম জাতের তরমুজের বীজের বৈশিষ্ট্য, চাষাবাদের সম্ভাবনা এবং কৃষি উপকরণের গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়।


সেঞ্চুরি এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসান এগ্রো সিড ফার্মের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল, যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার হর্টিকালচার উইংয়ের সাবেক পরিচালক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার, বিভিন্ন উপজেলা থেকে আসা বীজ ও কীটনাশকের খুচরা বিক্রেতা এবং বিভিন্ন ইউনিয়নের মডেল তরমুজচাষিরা।


অনুষ্ঠানের শুরুতে জিসান এগ্রো সিড ফার্মের আমদানি করা হাইব্রিড অতি আগাম জাতের তরমুজের বীজের ফলক উন্মোচন করা হয়। প্রতিষ্ঠানটির আমদানি করা বীজের জাতগুলো হলো রাজকুমার-এফ১, বিগ প্লাস সুপার-এফ১, গ্রেড আস্হা-এফ১, সাগরকন্যা-এফ১ ও নিউ এশিয়া প্লাস।


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে ফলন দিতে পারে। প্রতিটি তরমুজের ওজন ১২ থেকে ১৪ কেজি হতে পারে বলেও জানানো হয়। বীজগুলোর বৈশিষ্ট্য হিসেবে বেশি রোগ প্রতিরোধক্ষমতা, শীত ও ভাইরাস সহনশীলতার কথা উল্লেখ করা হয়। এসব বৈশিষ্ট্যের কারণে ফলন বৃদ্ধি এবং কৃষকদের অধিক লাভের সম্ভাবনা রয়েছে বলে আয়োজকেরা জানান।


পরে সেঞ্চুরি এগ্রো লিমিটেডের কীটনাশক পরিবেশকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের সার ও কীটনাশকের গুণাগুণ নিয়ে কৃষক ও খুচরা বিক্রেতাদের মতামতের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করা হয়।


আয়োজকেরা জানান, তরমুজ চাষের আধুনিক কলাকৌশল ও উন্নত জাতের বীজ সম্পর্কে কৃষক এবং কৃষি উপকরণ বিক্রেতাদের ধারণা দেওয়া এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?