শিরোনামঃ

যবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক দুই মাসব্যাপী  সেমিনার সিরিজের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন


রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি:


বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) ‘অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।


দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এবং জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাবে এটাই প্রত্যাশা। বিদেশে উচ্চশিক্ষার প্রাথমিক পর্যায়ে নানা চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাস ও আশাবাদ নিয়ে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নিজেদের মেধা দেশের কাজে লাগানোর আহ্বান জানান।


উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছে। নিজেদের যোগ্যতা ও সামর্থ্য কাজে লাগিয়ে বড় স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি বিদেশে অর্জিত জ্ঞান দেশের অর্থনীতি ও উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকবে বলেও জানান।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার কল্যাণে কাজে লাগাতে হবে।


সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করীম সৈকত। তিনি অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির আবেদনপ্রক্রিয়া, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখা, সুপারিশপত্র সংগ্রহ, জিআরই, টোফেল ও আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?