শিরোনামঃ

একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাসি


কেরাণীগঞ্জ (ঢাকা) রবিবার (৮ ফেব্রুয়ারি) টিফিনের টাকা বাঁচিয়ে মেধাবী শিশুদের মুখে হাসি ফোটালেন একদল শিক্ষার্থী। ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার করিমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সংগঠনটির আয়োজনে খাতা, কলম, পেন্সিল ও স্কুলব্যাগ উপহার পায় ৫০ জন শিশু। গতকাল উপজেলার নতুন রায়েরচর ভূইয়া প্রি-ক্যাডেট একাডিমেতি দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাছিকুন নাহার। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা রিনা বেগম, কামরুন নাহার, সংগঠনের কেরাণীগঞ্জ শাখার আহ্বায়ক জুনায়েদ সাদ, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য সাফায়েত, আলহাম, শাহাদাত, আশিক, সাকিব ও ফয়সালসহ অন্যান্যরা।

সংগঠনের সদস্য সাফায়েত দশম শ্রেণির শিক্ষার্থী, তিনি বলেন “গত তিন মাস ধরে প্রতিদিন অল্প অল্প করে টিফিনের টাকা জমিয়ে শিশুদের জন্য খাতা-কলম কিনেছি। আজ তাদের আনন্দ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।”

আরেক সদস্য, এসএসসি পরীক্ষার্থী অপূর্ব বলেন, “শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কথা শুনে আমার জমানো কিছু টাকা দিয়েছি। শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে ভালো লাগছে।”


সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা টিফিনের একদিনের টাকা বাঁচিয়ে সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, গত ১৫ বছরে সংগঠনটি প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদক থেকে দূরে রাখতে সচেতন করেছে, শিক্ষার্থীদের মাঝে ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে এবং অন্তত সাড়ে পাঁচ হাজার বঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে কাজ করেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?