শিরোনামঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা-২০২৬। বুধবার সকাল ১০টায় বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, ক্রীড়া চর্চায় উৎসাহ প্রদান এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।


তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবও গড়ে ওঠে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএন, কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এবারের সাঁতার প্রতিযোগিতায় ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক ও বাটারফ্লাই—এই চারটি ইভেন্টে মোট ৪৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ধারাবাহিকতায় সাঁতার প্রতিযোগিতার আয়োজনও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএন, কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?