শিরোনামঃ

বিশ্ব জলাতঙ্ক দিবসে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা।


রুস্তম ফারাজী, কেশবপুর।


বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জলাতঙ্ক দিবসের গুরুত্ব ও জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য ছিল— “একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ি”। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মোঃ রেহেনেওয়াজ, আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. সমরেশ কুমার দত্তসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তারা জলাতঙ্ক রোগের ভয়াবহতা, প্রতিরোধের উপায় এবং কুকুরসহ অন্যান্য প্রাণীর কামড়ের পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে ব্যক্তি, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে জনগণের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ব জলাতঙ্ক দিবসের কর্মসূচির মাধ্যমে কেশবপুরে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?