শিরোনামঃ

বি ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’: নতুন শিক্ষার্থীদের পথচলার আনুষ্ঠানিক সূচনা



খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি


খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক অনবোর্ডিং প্রোগ্রাম। ২৯ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ’২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, শুধু একাডেমিক ফলাফল দিয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা এসবই একজন শিক্ষার্থীকে আলাদা করে তোলে। তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুরুটা যত দ্রুত হবে, এগিয়ে যাওয়াও তত সহজ হবে।


বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত বলেন, ক্যারিয়ার ক্লাবের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের লক্ষ্যনির্ভর করে তোলে এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে সহায়তা করে।


ক্যারিয়ার ক্লাবের সভাপতি রুহুল আমিন মুন্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাফিয়া ওয়াহিদ নির্ঝর। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি আহমেদ আল ফয়সাল ও সাবেক সাধারণ সম্পাদক রাহুল ঘোষ তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।


অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমে। স্লাইড মেকিং, অ্যাড মেকিং, কনটেন্ট রাইটিং, লাইভ কুইজ ও ট্রেজার হান্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দলগত দক্ষতার পরিচয় দেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সব মিলিয়ে ‘নেক্সটজেন ৩.০’ শুধু একটি অনবোর্ডিং প্রোগ্রাম নয় বরং নতুন শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস জীবনে আত্মবিশ্বাসী ও লক্ষ্যনির্ভর যাত্রা শুরু করার একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?