শিরোনামঃ

ভেজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে কেশবপুরে  যুবকের করুণ মৃত্যু।


রুস্তম ফারাজী, কেশবপুর।


যশোরের কেশবপুরে বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পর ভেজা শরীরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে রহিম বিশ্বাস বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। সন্ধ্যার দিকে মাছ ধরে বাড়িতে ফেরেন তিনি। এ সময় তার শরীর ভেজা ছিল। বাড়িতে ফিরে ভেজা শরীরেই মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। তবে ততক্ষণে রহিমের মৃত্যু ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নারায়ণপুর গ্রামের পরিবেশ। একজন কর্মঠ তরুণের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা বলছেন, ভেজা শরীরে বৈদ্যুতিক সংযোগে হাত দেওয়ার ক্ষেত্রে অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভেজা শরীরে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সংযোগে হাত না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?