শিরোনামঃ

টুঙ্গিপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের বকনা বাছুর বিতরণ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বকনা বাছুর বিতরণ অনু্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো: খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি মো: আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে টুঙ্গিপাড়া উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন অতিথিরা।


উপকারভোগী জেলেরা সরকারের এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তারা জানান, মাছ ধরার পাশাপাশি গবাদি পশু পালন তাদের সংসারে বাড়তি আয়ের যোগান দেবে। এতে করে নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা তাদের জন্য সহজ হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।


গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, জেলেরা যেন শুধুমাত্র মাছ ধরার ওপর নির্ভরশীল না থাকেন, সেজন্যই দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে যখন নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে, তখন অভাবের তাড়নায় জেলেরা যেন মাছ বা শামুক নিধন না করেন, তা নিশ্চিত করতে এই বিকল্প আয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। গবাদিপশু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের পথ তৈরি করবে। জেলেরা যাতে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস না তাই সরকার থেকে বকনা বাছুর দিয়েছে। 


টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জহিরুল আলম বলেন, বাছুরগুলো লালন পালনের মাধ্যমে জেলেরা দুগ্ধ উৎপাদন ও বিক্রয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। কেউ বাছুর বিক্রি করলে তার প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?