শিরোনামঃ

স্বাস্থ্যখাতের অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার কঠোর হুশিয়ারী দিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার কঠোর হুশিয়ারী দিয়ে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেছেন, গোপালগঞ্জের স্বাস্থ্য খাতে কোন অবৈধ সিন্ডিকেট চলবে না। সব রোগীই ১০ টাকার টিকিটের বিনিময়ে ডাক্তার দেখাবে। সিন্ডিকেট করে টিকিটের দাম বেশি নেওয়া ও স্থানীয় কর্মচারীদের কোন দৌড়াত্ব চলবে না। আগামীতে কর্মচারী নিয়োগে স্থানীয় বিষয়টির ব্যপারে ব্যবস্থা নেয়া হবে। 


আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


সংসদ সদস্য ডা: কে. এম বাবর আরো বলেন, আগামী তিন মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘন্টা অস্ত্রপাচার করতে হবে। এটা আমার নির্বাচনী ওয়াদা ছিলো। আমি গোপালগঞ্জ-২ আসনের জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের ব্যবস্থা করবো। এই হাসপাতালে সব ধরণের রুগীর চিকিৎসা সেবা দিতে হবে।আমার জেলার কোন রুগীকে অন্যত্র রেফার করা যাবে না।


ডাঃ কে.এম বাবর উপস্থিত চিকিৎসকদের কাছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা শোনেন এবং বলেন, এখানে প্রয়োজনীয় চিকিৎসক, যন্ত্রপাতি ও অবকাঠামোগত বিষয় সমাধানে যথাসম্ভব চেষ্টা করবো। প্রয়োজনে সংসদেও আমি আমার জনগনের চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো। তারপরও আমি জনগনের সাথে যে ওয়াদা করেছি তা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।এ জন্য তিনি চিকিৎসকদের সহযোগিতা কামনা করেছেন।


চিকিৎসকেরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিছু অবকাঠামোগত সমস্যা ও চিকিৎসক সংকটের কথা তুলে ধরেন। ডা: কে. এম বাবর স্বইচ্ছায় মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ায় তাকে চিকিৎসকরা ধন্যবাদ জানান। তারা ডা: বাবরকে আশ্বস্ত করেন গোপালগঞ্জের সব ধরনের রুগীদের চিকিৎসা সেবা দিতে আপ্রান ভাবে কাজ করবেন। তবে, সব ক্ষেত্রে তারা এমপি সাহেবের হস্তক্ষেপ ও সহযোগিতা প্রত্যাশা করেন।


গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নেওয়াজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ তালুকদার, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম মোরশেদ মোল্লা, ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, মেডিসিন বিভাগের প্রধান ডা. সুভাষ চন্দ্র ভাদুড়ি, সার্জারি বিভাগের প্রধান ডা. মাসুদুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?