রুহিতার চরে কৃষকদের ওপর দুর্বৃত্তদের হামলা, ঘটে যেতে পারে বড় ধরনের ঘটনা


স্টাফ রিপোর্টারঃ

বরগুনার বামনা উপজেলার ম্যাপভুক্ত রুহিতার চরে সম্প্রতি কৃষকদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে একদল ভূমিদস্যু। এসব হামলার ঘটনায় প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় কৃষকরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।


সূত্র জানায়, বেতাগী উপজেলার সরিষামুড়ি, কালিকাবাড়ি ও বলইবুনিয়া এলাকার একদল দুর্বৃত্ত রুহিতার চরে জোরপূর্বক ঘর নির্মাণ ও জমি দখলের চেষ্টা করছে। ইতোমধ্যে তারা মাটি কেটে একাধিক ভিটির কাজ শেষ করেছে। স্থানীয়রা বলছেন, এই ভূমিদস্যুরা কোনো আইন-কানুনের তোয়াক্কা করে না এবং পেশিশক্তির মাধ্যমে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


রুহিতার চর বিষখালী নদীর পশ্চিম পাড়ে বামনা উপজেলার অন্তর্গত এবং ম্যাপ অনুযায়ী সম্পূর্ণটাই বামনার আওতাধীন। চরটির পূর্বাংশ বেতাগী উপজেলার সীমানা ঘেঁষে থাকলেও সেটি বেতাগীর ম্যাপে অন্তর্ভুক্ত নয়। অতএব, চরটিতে বেতাগীর বাসিন্দাদের জমির মালিকানা দাবি অগ্রহণযোগ্য বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।


স্থানীয় কৃষকদের অভিযোগ, গত কয়েক বছরে একাধিকবার দুর্বৃত্তরা ফসল কেটে নেয়, ক্ষতিসাধন করে, এমনকি বামনার কৃষকদের ধরে নিয়ে গিয়ে মারধরও করে। সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে গত ৫ জুলাই ২০২৫ সালে, যখন দুর্বৃত্তরা পাঁচ একরের বেশি জমির ধইঞ্চে গাছ ও অন্যান্য ফসল কেটে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি করে। একই সঙ্গে মাছ ধরার ৫০০টির বেশি চাই লুট করে নেয় তারা।


এরপর ১১ জুলাই খালে বাঁধ কেটে দেয়, যাতে ধানের বীজ নষ্ট হয়ে যায়। ২৯ জুলাই তারা ২৩ জন কৃষকের ১০৯টি মহিষ লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা। পরে দুই উপজেলার প্রশাসনের হস্তক্ষেপে মহিষগুলো উদ্ধার করা হয়।


এছাড়াও, চরের বরাদ্দপ্রাপ্ত কৃষকদের জমিতে জোর করে নতুন টিনশেড ঘর নির্মাণ করছে দুর্বৃত্তরা এবং সেখানে খাল কেটে সীমানা বিভাজনের অপচেষ্টা চালাচ্ছে। কৃষকরা চরে গেলে তাদের মারধর  করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।


এই পরিস্থিতিতে রুহিতার চরে কোনো সময় বড় ধরনের আইনশৃঙ্খলা সমস্যা, এমনকি খুন-খারাবির মত ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।


তারা চরের বরাদ্দপ্রাপ্ত চাষীদের নিরাপত্তা, মালামাল ও গবাদিপশু রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি, লুটপাট ও দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?