শিরোনামঃ

মনিরামপুর গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন



আব্দুল্লাহ,জেলা  প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট দোনারে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেন। তাঁর এই উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট দোনারের ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ত। ভাঙাচোরা ও কর্দমাক্ত রাস্তার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হতো বয়স্ক নারী-পুরুষ, শিশু এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। জরুরি প্রয়োজনে রোগী ও প্রয়োজনীয় যানবাহন চলাচলেও সৃষ্টি হতো নানা প্রতিবন্ধকতা।

এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি রাস্তাটির দুরবস্থার বিষয়টি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেনকে অবহিত করেন। বিষয়টি জানার পর তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে কোনো প্রাতিষ্ঠানিক বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন।

সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় এলাকাবাসী চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে খুবই খারাপ অবস্থায় ছিল। বয়স্ক মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে অনেক কষ্ট হতো। শামীম হোসেন নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করায় আমাদের চলাচলের কষ্ট অনেকটাই কমেছে। আমরা তাঁর জন্য প্রাণভরে দোয়া করি।”

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেন বলেন, “যেকোনো মানুষের ছোট্ট একটি উপকার করাও আমাকে দারুণভাবে আনন্দিত করে। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করার চেষ্টা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। আমি আমৃত্যু এ ধরনের জনকল্যাণমুখী কাজের সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা জানতে পারলে সাধ্য অনুযায়ী তা সমাধানে এগিয়ে আসবেন। তাঁর মতে, জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?