কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন।


রুস্তম ফারাজী, কেশবপুর।



কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংগা মাঝেরপাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নামের তালিকা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখা।

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নামের তালিকা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ ধরনের অপপ্রচার শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি নয়, বরং একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা।

সাংবাদিক সম্মেলনে বক্তারা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, সত্যকে আড়াল করে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের কাছে সত্য কখনো পরাজিত হতে পারে না। তারা অবিলম্বে ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?