শিরোনামঃ

কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ।




রুস্তম ফারাজী, কেশবপুর।



যশোরের কেশবপুরে বাবার মৃত্যুর পর দাফন-কাফনের প্রস্তুতির মধ্যেই পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাই ও স্বজনদের মধ্যে মারামারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুড়ালের কোপে মাথায় আঘাত পাওয়ার অভিযোগে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. মাহাবুর মান নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের খালেক মান মারা যান। পরে পরিবারের সদস্যরা তার দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মাহাবুর মানের দাবি, ঘটনার শুরুতে তার মেয়ের জামাইকে মারধর করা হয়। বিষয়টি জানতে গেলে তাকে গালিগালাজ করা হয়। পরে একপর্যায়ে বাঁশের লাঠি, দা ও কুড়াল দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। মাহাবুর মান আরও অভিযোগ করেন, একপর্যায়ে প্রতিপক্ষের একজন কুড়াল দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজন স্বজনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতরা চিকিৎসা নেন। এ ঘটনায় মাহাবুর মান কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেশবপুর থানার ইনচার্জ অফিসার রোকসানা খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলমান।”

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?