শিরোনামঃ

জমি বিরোধে কলেজ প্রভাষককে কুপিয়ে জখমের প্রতিবাদে বামনায় মানববন্ধন


স্টাফ রিপোর্টারঃ

বরগুনায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বামনা সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গত ৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে গৌরিচন্না ইউনিয়নের বাইসতবক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে হাত দিয়ে প্রতিরোধ করতে গিয়ে তার ডান হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।


ঘটনার প্রতিবাদে আজ সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় বামনা সরকারি ডিগ্রি কলেজের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।


মানববন্ধনে বক্তব্য রাখেন—বামনা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান বিপ্লব, বামনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াদুল কাদের, মো. শামসুল আলম, মো. আরিফ হোসেন, মো. ওসমান হাওলাদার, মো. ইদ্রিস মিয়া, মো. আসাদুজ্জামান, বামনা সারোয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোশাররফ হোসাইন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হক এবং বামনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান সিকদারসহ অনেকে।


বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


আহত শিক্ষক মো. নুরুল ইসলাম লিটন বলেন, “জমিটি আমাদের পরিবার দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে ভোগদখল করছে। বিভিন্ন সালিশ-বিচারেও রায় আমাদের পক্ষেই এসেছে। জমি দখলের চেষ্টা করলে বাধা দিতেই তারা আমার ওপর হামলা চালায়।”


মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন বামনা সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সাইদুজ্জামান মাসুদ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?