হাম মোকাবিলায় বরগুনা জেনারেল হাসপাতালে রেড ক্রিসেন্টের চিকিৎসা সামগ্রী বিতরণ



সোহাগ হাওলাদার, বরগুনাঃ

বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত এবং সংক্রমণ প্রতিরোধে  ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট। 


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহের কাছে হস্তান্তর করেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। 


হস্তান্তর করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫২ রোল সিফা কটন (২০০ গ্রাম), ১০৫ বক্স ফেস মাস্ক, ৭৬ বক্স এক্সামিনেশন গ্লাভস, ৮২ বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ৩৯ গ্যালন হ্যান্ডওয়াশ। 


রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় হাম (Measles) রোগের প্রাদুর্ভাব মোকাবিলা এবং আক্রান্তদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধে এসব সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও এসব চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। 


চিকিৎসা সামগ্রী হস্তান্তরকালে রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা বলেন, গতবছর ডেঙ্গুর হটস্পট ঘোষণার পর বরগুনা রেড ক্রিসেন্টের ইউনিটের যুব সদস্য স্বেচ্ছামূলকভাবে হাসপাতালে মানুষের সেবায় ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেছে। এছাড়া দুর্যোগ ও জরুরি পরিস্থিতির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে রয়েছে। আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দেন, তাদের নিরাপত্তা ও সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রেড ক্রিসেন্টের এর পক্ষ থেকে এ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ.বি.এম গোলাম হায়দার নীলু, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা: মাহমুদ মুরশিদ আল মামুন, সদস্য এজেডএম সালেহ ফারুক, ইউনিট লেভেল অফিসার আবদুল করিমসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?