শিরোনামঃ

গ্রিন ক্লাইমেট ফান্ডের সহায়তায় বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় টেকসই জীবিকার নতুন দিগন্ত


অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক ডাম ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়িত ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট ফর ভালনারাবল কোস্টাল পিপল’ (আরএইচএল) প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার আটটি ইউনিয়নে ২০২৪ সালের মার্চ মাস থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা হতদরিদ্র ২ হাজার ৬৬৬ জন উপকারভোগীকে নিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি) জাগোনারী পাঠশালা ট্রেনিং সেন্টারের দুটি ভ্যানুতে দিনব্যাপী আয়োজিত এসব প্রশিক্ষণের লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই বিকল্প জীবিকার পথ তৈরি করা। দুটি প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের আরএইচএল প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আমিনুল হক। 


প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পটির মূল উদ্দেশ্য উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা জলবায়ু সহনশীল করা। এর আওতায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ, মাঁচা পদ্ধতিতে ছাগল পালনের জন্য ঘর নির্মাণ, বসতভিটায় লবণাক্ততা সহনশীল সবজি চাষে অনুদান প্রদান, বৃক্ষরোপণ এবং কাঁকড়া চাষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় মানুষের জন্য লবণাক্ততা সহনশীল সবজি চাষ ও মাঁচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়।


২০২৪–২০২৫ অর্থবছরে এ উদ্যোগের মাধ্যমে ৫৩টি দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ, ৩৮১টি মাঁচা পদ্ধতিতে ছাগল পালনের ঘর নির্মাণ, ৭৩৪ জন উপকারভোগীকে বসতভিটায় লবণাক্ততা সহনশীল সবজি চাষের জন্য অনুদান প্রদান, ১২ হাজার ৮০০টি বৃক্ষরোপণ এবং ৫৮ জন উপকারভোগীকে কাঁকড়া চাষের জন্য অনুদান দেওয়া হয়েছে।


তথ্য-সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে লবণাক্ততা সহনশীল সবজি চাষ বিষয়ে এ পর্যন্ত ১২টি ব্যাচে ২৪০ জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে নারী ২০৮ জন এবং পুরুষ ৩২ জন। প্রশিক্ষণে বসতবাড়ির বাগান ব্যবস্থাপনা, মৌসুমভিত্তিক সবজি নির্বাচন, জমি ও বেড প্রস্তুত, সেচ ও পানি নিষ্কাশন, জৈব সার ব্যবস্থাপনা, রোগ-পোকা দমন এবং সবজি সংগ্রহ বিষয়ে ধারণা দেওয়া হয়। এ প্রশিক্ষণের রিসোর্স পার্সন ছিলেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার কীর্ত্তনীয়া।


একই অর্থবছরে মাঁচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ে ১১টি ব্যাচে ২২০ জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে নারী ছিলেন, ২১৩ জন এবং পুরুষ ৭ জন। প্রশিক্ষণে ছাগল পালনের উপযোগী জাত নির্বাচন, বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগ ও টিকা ব্যবস্থাপনা, প্রজনন এবং বাচ্চা পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণের রিসোর্স পার্সন ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. আবু হানিফ।


প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী মোঃ অলিউল্লাহ্ ইমরান ও জাহিদুল ইসলাম মেহেদী। 

এছাড়া এ প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় নিযুক্ত আছেন ডাম ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর কৃষি মোঃ নিয়ামুল কবির। তার সঠিক দিক নির্দেশনা এবং সুপরিকল্পনায় প্রকল্পটি বরগুনাতে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে।


প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আমিনুল হক বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা জলবায়ু সহনশীল কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি গ্রহণে সক্ষম হবেন, যা দীর্ঘমেয়াদে তাদের জীবিকায়নকে আরও শক্তিশালী করবে। 



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?