শিরোনামঃ

গোপালগঞ্জে অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।


আজ সোমবার (০৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করেন।


জানাগেছে, ফারুক শেখ, ইউছুপ শেখ, মিলন ফকির, মিজান শেখ, সামচুল শেখ নামে কয়েক জন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে উপজেলার কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখল করে নেয়।


এ খবর জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ নেতৃত্বে উপজেলা প্রশাসন খালটি দখল মুক্ত করেন। তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবণ ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবী জানিয়েছেন।


এদিকে খাল দখলের বিষয়ে দখলদারদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।


স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, এই খালটির বিভিন্ন স্থানে এখনো অনেকে দখল করে আছে।আমি এটি সম্পূর্ণ দখলমুক্ত করে খননের দাবী জানাচ্ছি।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, এটি একটি প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এটি দখল বা ভরাট হলে এলাকার ৭/৮ টি গ্রামের কৃষি কাজ ব্যাহত হবে। তাই উপজেলা প্রশাসন আজ খালটি দখলমুক্ত করলো। আমাদের এই অভিযান উপজেলাব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?